রংবুল : দার্জিলিং এর অপার নৈসর্গের পাহাড়ি গ্রাম

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অফবিট ভ্রমণ গন্তব্য : পাহাড়ি নির্জনতার গ্রাম রংবুল, দার্জিলিং


রংবুল (Rongbull Village)

অফবিট ভ্রমণগন্তব্য যাদের পছন্দ বিশেষত নির্জনতা যারা পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ স্থান পাহাড়ি সৌন্দর্যের রংবুল। ছবি : রেইনবো ভ্যালি রিসোর্ট ডট কম


 সৌন্দর্যের অনন্য উপাখ্যান দার্জিলিং-এর মোহনীয়তা সম্পর্কে কমবেশি সবাই জানেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শৈল-শহরটি সবসময়ই পর্যটকদের বিমোহিত করে। হিমালয়ের কোলে অসাধারণ সৌন্দর্যের মেঘের এই দেশ ভ্রমণপ্রেমীদের ভীষণ পছন্দের জায়গা। তাই ঘুরে বেড়ানো যাদের নেশা তারা দার্জিলিং যাননি, এমনটা খুব কম দেখা যায়।

অবস্থান

দার্জিলিং-এর খুব কাছেই বিস্ময়কর সৌন্দর্যের একটি গ্রাম হল রংবুল। যারা কিছুটা অফবিট ভ্রমণস্থান পছন্দ করেন এবং অপার নির্জনতায় ছুটি উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য চমৎকার একটি ভ্রমণগন্তব্য হল এই রংবুল (Rongbull Village)। দার্জিলিং এর ঘুম থেকে মাত্র ৫ কিলোমিটার নিচে এই ছোট পাহাড়ি গ্রাম রংবুল অবস্থিত। পাহাড় আর চা বাগানের মায়া দিয়ে গড়া এই গ্রামটি প্রশান্তিময় ভ্রমণের এক সেরা ঠিকানা। নির্জন প্রশান্তির মাঝে ছুটির দিনগুলো আপনার দারুণ কাটবে এখানে। চা বাগানের সবুজ গালিচায় মোড়া এই গ্রামের পরতে পরতে সৌন্দর্যের ছড়াছড়ি। পাহাড় আর চা বাগানের সখ্যতায় প্রকৃতি এখানে বড্ড বেশি নির্মল ও নির্জন। শহুরে জীবনের ক্লান্ত মনটাকে সবুজের মাঝে বিলীন করে দিয়ে প্রশান্তি খুঁজে পেতে রংবুলের তুলনা হয়না। এর নামের মতোই প্রকৃতির রঙে রাঙানো এই গ্রাম সৌন্দর্যের পসরা নিয়ে হাজির হয় পর্যটকদের কাছে।


রংবুল (Rongbull Village)

রঙিন আকাশের বুক চিড়ে ওড়া শুভ্র মেঘ, সবুজ পাহাড়ি নির্জনতা মন ভুলায় এখানে। ছবি : রেইনবো ভ্যালি রিসোর্ট ডট কম



প্রশান্তিময় সৌন্দর্য

ভ্রমণে লম্বা লিস্টের এখানে সেখানে যাওয়ার হাঁপিয়ে উঠা ছেড়ে এই প্রশান্তিময় জায়গায় কয়েকটা দিন অনায়াসে আয়েশ করে কাটিয়ে দেয়া যায়। সকাল থেকে শুরু করে রাতের নিস্তব্ধতার মাঝে এখানে প্রকৃতির সাথে নিবিড় সখ্যতায় সময়টা কেটে যায়। পাহাড়ের গায়ে শুধু সবুজ আর সবুজ, চা বাগানের শোভা আর আকাশের বুকে উড়ে বেড়ানো মেঘেদের লুকোচুরি খেলা আপনাকে করবে আনমনা। অপার নির্জনতায় প্রকৃতি এখানে খুব বেশি স্বতন্ত্র হয়ে ধরা পড়বে আপনার দৃষ্টিতে। এখানে ভোর বেলা একা হ্যামলেটের রাস্তায় হেঁটে চলার অনুভূতি খুব বেশি চমৎকার। এছাড়া পাখি প্রেমীরা বালাসুন নদীর ধারে দেখা পেয়ে যাবেন নানা প্রজাতির পাখির।

কোথায় থাকবেন

এখানে থাকার জন্য আছে রংবুল রেইনবো ভ্যালি রিসোর্ট। চা বাগানের অপার প্রাকৃতিক নৈসর্গের মাঝে অবস্থিত এই রিসোর্টটি আপনাকে তার প্রশান্তির বাতাবরণে জড়িয়ে নেবে। অত্যন্ত নান্দনিক নির্মাণশৈলীর এই রিসোর্টে ছুটির দিনগুলো হয়ে উঠবে প্রাণবন্ত ও সতেজ।


Rongbull Resort

রংবুল রেইনবো ভ্যালি রিসোর্ট থেকে প্রকৃতির এই মনোহর রূপ উপভোগ করতে পারবেন সহজেই। ছবি : রেইনবো ভ্যালি রিসোর্ট ডট কম


 রিসোর্টে আন্তরিক আতিথিয়তায় মুগ্ধ হবেন। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত পরিণত হবে চমৎকার কিছু স্মৃতিতে। এখানে সকাল সকাল ঘুম ভাঙবে পাখিদের কলরবে। কফির মগ হাতে বারান্দায় বসে উপভোগ করতে পারবেন পাহাড়ি সৌন্দর্য। হঠাৎ চোখে পড়ে যেতে পারে দুরন্ত হরিণ কিংবা খরগোশের ছোটাছুটি। রংবুলের আশেপাশে দেখার মতো অনেক জায়গা রয়েছে। ট্র্যাকিং লাভাররা পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন ইন্দ্রানী ফলস থেকে। এছাড়া দার্জিলিং, ঘুম, কার্শিয়াং এখান থেকে খুব কাছে। তাছাড়া এখান থেকে বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল, জু, হ্যাপি ভ্যালি টি এস্টেট সব একদিনেই ঘুরে আসতে পারবেন।

যেভাবে যাবেন :

শিয়ালদহ থেকে রাতের ট্রেনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠবেন। পরদিন সকালেই নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাবেন। জলপাইগুড়ি থেকে এর দূরত্ব ৫২ কিলোমিটার। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ৪ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন রংবুলে।  

রুবাইদা আক্তার   এস এম