মহারাজার দীঘি : নিজের বিশালতা ও রাজার করুণ মৃত্যুর সাক্ষী

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বিশালায়তনের জলাশয়টিকে ঘিরে আছে কত স্মৃতি

Maharajar-Dighi-Panchagarh মহারাজার দীঘিতে পানির খেলা। ছবি : ভ্রমণ গাইড

 পঞ্চগড়ের দেখার মত জায়গাগুলোর মধ্যে মহারাজার দীঘি অন্যতম। 'মহারাজার দীঘি'- নামের মধ্যেই যেন ইতিহাসের গন্ধ! সেই সাথে পাল্লা দিয়ে সৌন্দর্যেরও যেন কমতি নেই। 'মহারাজার দীঘি'-পঞ্চগড় শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি অমরখানা ইউনিয়নের অন্তর্ভুক্ত। রাজা পৃথু এই দীঘিটি খনন করেছিলেন। ইতিহাস ঘাটলে অনেক রাজা পৃথুর সন্ধান পাওয়া যায়। তাহলে কোন পৃথু রাজার দীঘি? ধারণা করা হয়, প্রাচীন কামরূপের শুদ্র রাজা পৃথু এই দীঘি খনন করেছিলেন। তিনি ছিলেন রাজা দেবেশরের বংশের রাজা। ষষ্ঠ শতকের শেষের দিকে কামরূপের এক যুদ্ধে হেরে গিয়ে তিনি এই অঞ্চলে আসেন। তিনি ভিতরগড় দুর্গ গড়ে তোলেন। তাঁর সময়ে ভিতরগড় ছিল রাজধানী। ভিতরগড়ের সবচেয়ে বড় দিঘি মহারাজার দীঘি। প্রায় ৫৩ দশমিক ৭৯ একর জমির ওপর দীঘিটি অবস্থিত। রাজার নামেই দীঘিটি 'মহারাজার দীঘি' নামে সুপরিচিত। দীঘির বয়স প্রায় দেড় হাজার বছর। পাড়সহ হিসাব করলে দীঘির আয়তন- প্রায় ৮০০*৪০০ গজ। দীঘিটি ভারতের সীমানা পর্যন্ত প্রসারিত। দীঘির পাড় প্রায় ২০ ফুট উঁচু। দীঘিতে সব মিলিয়ে মোট ১০টি ঘাট আছে।

ভিতরগড়_দুর্গ_নগরীর_প্রস্তর_ফলক ভিতরগড় দুর্গ নগরীর প্রস্তর ফলক। ছবি : সংগৃহীত

 দীঘির পানি খুবই পরিষ্কার। এতে কোন জলজ আগাছা নেই। দীঘির পানির অংশের আয়তন প্রায় ৪০০*২০০ গজ। এলাকার লোকজনের মতে, দীঘির পানি প্রায় ৪০ ফুট গভীর। বর্ষাকালে পানি আরও বেড়ে যায়। দীঘির চারদিকে মাটির স্তুপ রয়েছে। মাটি দিয়ে তৈরি আঁকাবাঁকা পথে উপরে ওঠা যায়। এছাড়া দীঘির সীমানার দুইদিকে রয়েছে সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠে রয়েছে বসার জায়গা। এখান থেকেও দীঘির সৌন্দর্য উপভোগ করা যায়। তবে সরাসরি দীঘির পাড়ে না ঘুরলে যেন বারো আনাই মিছে! দীঘির সামনে দাঁড়ালে ঠাণ্ডা বাতাসে মন জুড়িয়ে যায়। যতদূর চোখ যায়, শুধুই পানি আর পানি। মনে হয় যেন আকাশের নীল পানিতে মিশে গেছে। দীঘির চারদিকে রয়েছে অনেক গাছপালা। গাছগুলো অনেক পুরোনো। আর এই গাছগুলোতে রয়েছে হরেক রকম পাখির মেলা। শীতকালে পাখির কলরব আরও বেড়ে যায়। কিন্তু এই দীঘি একসময় ছিল ভয়ের।

রাজার মৃত্যু দীঘিতে মানুষের আনাগোনা কমিয়ে দেয়। শোনা যায়, একবার রাজা 'কীচক' নামের নিচু শ্রেণীর আক্রমণের শিকার হন। রাজা পৃথুর কাছে নিজের ধর্ম ও আত্মমর্যাদার মূল্য ছিল অনেক বেশি। নিচু শ্রেণীর কারও কাছে ধর্ম হারানোর চেয়ে তার কাছে মৃত্যু শ্রেয় ছিল। তাই তিনি তার পরিবার ও ধনসম্পদ নিয়ে দীঘিতে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর পর লোকজনের মনে দীঘিটিকে নিয়ে ভয় ঢুকে যায়। তারা দীঘি ও ভিতরগড়কে ভুতুড়ে ভাবতে শুরু করে। কিন্তু এখন সেই সময় পাল্টেছে। বিকেলের আড্ডা কিংবা পরিবারের সাথে সময় কাটানো বিভিন্ন মানুষে মুখর থাকে দীঘির পাড়। নৌকাতেও চড়তে দেখা যায় অনেককে। কেউ কেউ আবার মাছ চাষ করেন দীঘির পানিতে। বাংলা নতুন বর্ষের মেলা দীঘির পাড়কে আরও জাঁকজমক করে তোলে।

ছবি : দা ঢাকা টাইমস

এছাড়া ২০১৮ সালে মহারাজার দীঘিকে পাখির নিরাপদ আবাস ( অভয়াশ্রম) ঘোষণা করা হয়। পাখিদের জন্য গাছে প্রায় সাড়ে চারশ কলস বাধা হয়। এছাড়া লটকন গাছ লাগানো হয় পাখিদের জন্য। রাজা পৃথু নেই। কিন্তু তাঁর সাধের দিঘি এখনও বহমান। এখনও দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ছুটে আসেন দীঘির টানে। সীমান্ত লাগোয়া হওয়ায় এখানে অনেক ভারতীয় পর্যটকও দেখতে পাওয়া যায়। মহারাজার দীঘি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এটি সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। ঘুরতে এসে যা করবেন না :

১। পানিতে চিপস, পানির বোতল, খাবারের মোড়ক কিংবা কাগজ ফেলবেন না।

২। পানি খুব গভীর। তাই পানিতে নামলে অবশ্যই সতর্ক থাকতে হবে। সাঁতার না জানলে পানিতে না নামাই ভালো।

৩। মাটির কাটা পথে উপরে ওঠার সময় সাবধানে উঠবেন।

৪। পাখি শিকার করবেন না। পাখি শিকারের চিন্তাভাবনা থাকলে এখনই মাথা থেকে ঝেড়ে ফেলুন।     



তথ্যসূত্র : http://www.panchagarh.gov.bd/site/tourist_spot/1fabe0c0-18ff-11e7-9461-286ed488c766/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%98%E0%A7%80 http://www.panchagarh.gov.bd/site/tourist_spot/1fab0ebc-18ff-11e7-9461-286ed488c766/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%20%20%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%98%E0%A7%80 https://www.bd-pratidin.com/country/2018/04/30/326674 https://www.thedailystar.net/frontpage/the-ancient-fort-city-the-north-1307419 https://www.thedailystar.net/star-weekend/heritage/news/bhitargarh-destroyed-discovery-1821217#:~:text=There%20was%20a%20king%20named,committing%20suicide%20in%20a%20lake.