করোনা ভাইরাস : সব রুটে বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল আগামী ১৫মে পর্যন্ত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বিশেষ বিবেচনায় চলবে বিশেষ ফ্লাইট




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : পিন্টারেস্ট


করোনা ভাইরাসের প্রকোপের কারণে আবারও নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে আকাশপথে চলাচলে। নতুন সময় অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে আগামী ১৫ মে পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব ধরনের ফ্লাইট বাতিল করেছে। বুধবার (২৯ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে এই তথ্য জানানো হয়। এয়ারলাইন্স সূত্রে জানা যায়, করোনা ইস্যুতে আগামী ১৫মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, বিশেষ বিবেচনায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। আরও জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট)-এর ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫মে পর্যন্ত বর্ধিত করা হলো। এই নিষেধাজ্ঞা পূর্বের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে (মোট ১৬টি দেশ)-এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল ৭মে পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নিয়ে ৫ম দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলাচলে নিষেধাজ্ঞা নতুন করে বর্ধিত হল। একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৫ মে পর্যন্ত বর্ধিত করার কথাও জানানো হয়। তবে উল্লেখিত সময়ে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ২৫শে মার্চ থেকে দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটও প্রায় কাছাকাছি সময়ে ধাপে ধাপে বন্ধ হয়।  


এস এম ইফতেখার মাছুম   এস এম