আন্তর্জাতিক ১০ রুটে ৭৪ ফ্লাইট কমালো বাংলাদেশ বিমান
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাংলাদেশ এয়ারলাইন্স
নভেল করোনাভাইরাসের কারণে যাত্রী সংকটে পড়েছে দেশী-বিদেশী সব এয়ারলাইন্স। এমতাবস্থায় লোকসান কমাতে আন্তর্জাতিক ১০টি রুটে ৭৪টি ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া, কাতার সরকারের সাময়িক নিষেধাজ্ঞার কারণে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট আপাতত বাতিল করা হয়েছে। গত সোমবার (৯ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দশটি রুটের মধ্যে মধ্যপ্রাচ্যের সাতটি, দক্ষিণ এশিয়ায় দুটি ও পূর্ব এশিয়ার একটি গন্তব্যের ফ্লাইট কমছে। রুটগুলো হলো : মধ্যপ্রাচ্যের দুবাই, কুয়েত, দাম্মাম, জেদ্দা, দোহা, রিয়াদ, আবুধাবি, মাসকাট, থাইল্যান্ডের ব্যাংকক ও সিঙ্গাপুর। এর বাইরে আর যে পাঁচটি রুটে বিমান ফ্লাইট পরিচালনা করে সেগুলো হচ্ছে : যুক্তরাজ্যের লন্ডন, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন ও মালয়েশিয়ার কুয়ালালামপুর।
বাংলাদেশ এয়ারলাইন্স
সূত্র জানিয়েছে, যেসব যাত্রী বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য টিকিট কিনেছেন, চাইলে তারা টাকা ফেরত নিতে পারবেন। অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর খালি থাকা সাপেক্ষে সেসব ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ পাবেন। এ ছাড়া বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজ ও ইউএস-বাংলাও কাতারের সব ফ্লাইট বন্ধ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায় , জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি এতদিন সপ্তাহে ১৪২টি ফ্লাইট পরিচালনা করতো। ৭৪টি ফ্লাইট কমানোর ঘোষণায় এখন থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সপ্তাহে ৬৮টি ফ্লাইট চালু থাকবে।এস এম ইফতেখার মাছুম এস এম
আরো পড়ুন ঃ করোনাভাইরাস প্রাদুর্ভাব : বৈশ্বিক পর্যটন শিল্পে বিপর্যয়, সর্বোচ্চ আঘাত এশিয়ায়
