ত্রিদেশীয় সীমান্ত : যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : তিন দেশ যখন এক বিন্দুতে : বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট

ত্রিদেশীয় পয়েন্ট ত্রিদেশীয় পয়েন্ট। ছবি : সংগৃহীত

আশ্চর্য এই পৃথিবীতে কত বিচিত্র জায়গাই না আছে। কিন্তু কখনো কি এমন এক জায়গার নাম শুনেছেন যেখানে একই বিন্দুতে তিন দেশ এসে মিশেছে? অদ্ভুত হলেও সত্য এমন জায়গাও এই বিশ্বে রয়েছে। তবে তা দেখার জন্য আপনাকে পার হতে হবে মহাদেশের গণ্ডি। যেতে হবে ইউরোপের নেদারল্যান্ডসের একেবারেই শেষ প্রান্তে।

ভাল (Vaal) নামের এই জায়গাটি নেদারল্যান্ডসের শেষ বিন্দু বলা যেতে পারে। এটি অনেকটা নেদারল্যান্ডসের লেজের মত একটি অংশ যা পার্শ্ববর্তী দুই দেশের মাঝে জায়গা করে নিয়েছে। বেলজিয়াম আর জার্মানির সীমান্তে নেদারল্যান্ডসের ভাল অঞ্চলের এই আগমনেই তৈরি হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এক টুরিস্ট স্পটের। দ্য থ্রি বর্ডার রিজিওন নামে পরিচিত এই জায়গা ঘিরে প্রতিটি দেশই পর্যটকদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা নিয়েছে। তবে আপাতদৃষ্টিতে সবচেয়ে ভালভাবে ঘুরে আসা যাবে নেদারল্যান্ডের দিক থেকে। কিংডম অফ নেদারল্যান্ডসের হিসেব বাদ দিলে ,সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২৩ মিটার উঁচুতে অবস্থিত এই অঞ্চলটি নেদারল্যান্ডের সবচেয়ে উচ্চতম স্থান। সে হিসেব বিবেচনাতেও আলাদা একটা সৌন্দর্য আপনার চোখে অবশ্যই ধরা পড়বে।

যে বিন্দুতে মিশেছে ৩ দেশ স্বচ্ছ কাঁচের ব্রিজ। ছবি : হল্যান্ড ডট কম

তিন দেশ, এক পাহাড়

নেদারল্যান্ডসের সর্বদক্ষিণের রাজ্য লিমবার্গের ভাল অঞ্চলে আপনি দেখা পাবেন তিন দেশের এই সন্ধিস্থল নামে পরিচিত ভালসেলবার্গ পাহাড়কে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩২৩ মিটার, নেদারল্যান্ডসের বেশিরভাগ অঞ্চলই সাগরের খুব কাছাকাছি বলে সাধারণ ডাচ নাগরিকদের কাছে এই পর্বতের আলাদা কদর রয়েছে। আর ভৌগলিকভাবে এটি ডাচ ভূখণ্ডেরই অংশ। জার্মানির অ্যাশেন শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এই বিন্দুর অবস্থান। পাহাড়ের উপরেই ডাচ সরকারের নির্মিত এক টাওয়ার থেকে একইসাথে তিন দেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে এই টাওয়ারের উপর স্কাইলাইন ওয়াকের মাধ্যমে আপনি চাইলে বেলজিয়ামেও চলে যেতে পারেন। বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের দুই দেশেই একই সাথে ঘোরার এক অভিনব সুযোগ পাবেন “উইলহেলমিনা টাওয়ার” থেকে। ৩৪ মিটার উঁচু এই টাওয়ারের স্বচ্ছ কাঁচের মেঝে আপনাকে অসাধারণ মুগ্ধতা ছড়িয়ে দিবে।

বর্ডার ট্রায়াঙ্গেল। বর্ডার ট্রায়াঙ্গেল। ছবি : পিন্টারেস্ট

ভালসেরবার্গের গোলকধাঁধা এই জায়গায় ঘোরার জন্য আরেক অসাধারণ জায়গা। পর্যটকদের জন্য এই গোলকধাঁধায় প্রবেশমূল্য কেবল ৫ ইউরো। নিজের ছেলেবেলার স্মৃতি ফিরে পেতে অনেকেই টিকেট কেটে ঢুকে পড়েন এই গোলকধাঁধার রহস্য উন্মোচন করতে। এছাড়াও থ্রি বর্ডার রিজিওনে হাঁটার জায়গাও বেশ সুন্দর বলা চলে। ভিভিভি সার্ভিস পয়েন্টে এসে আপনি এই পুরো এলাকার ইতিহাস সম্পর্কেও জানতে পারবেন। আর এতকিছুর মাঝে যদি ক্ষুধার ডাক আসে নেদারল্যান্ডসের বিখ্যাত প্যানকেকের স্বাদও নিতে পারবেন পার্শ্ববর্তী রেস্টুরেন্ট থেকে। এছাড়া চাইলে ঘুরে আসতে পারেন বেলজিয়ামে অবস্থিত বাডউইন টাওয়ার থেকেও।

কীভাবে যাবেন

নেদারল্যান্ডস থেকে থ্রি বর্ডার রিজিওনে যেতে হলে সবার আগে যেতে হবে লিমবার্গ রাজ্যের রাজধানী মাসট্রিচে। প্রাচীন এই শহরেও চাইলে বেশ খানিকটা সময় ঘুরে আসতে পারেন। রোমান সময়ে গড়ে উঠা এই শহরটি নেদারল্যান্ডসের অনেক উত্থান পতনের সাক্ষী। মাসট্রিচ থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই থ্রি বর্ডার রিজিওনের অবস্থান।

থ্রি বর্ডার রিজিয়নের গোলকধাঁধা থ্রি বর্ডার রিজিয়নের গোলকধাঁধা। ছবি : হল্যান্ড ডট কম

মাসট্রিচ থেকে সরাসরি রেন্ট এ কারের মাধ্যমে উইলহেলমিনা টাওয়ারের কাছে আসা যায়। উইলহেলমিনা টাওয়ারের নিচে একটি ধ্বংসপ্রাপ্ত বিমানের স্মারক আর ঐতিহাসিক পানশালা দেখে শুরু করতে পারেন আপনার ভ্রমণ।

আশপাশে কি দেখবেন

থ্রি বর্ডার রিজিওন দেখা শেষ করে ফিরে যেতে পারেন মাসট্রিচে। লিমবার্গ রাজ্যের এই রাজধানী শহরের পত্তন ঘটিয়েছিল। নেদারল্যান্ডসে এসে রোমান বিভিন্ন নিদর্শন দেখতে চাইলে এই শহরের জুড়ি মেলা ভার। থ্রি বর্ডার রিজিওন থেকে আধঘণ্টা দূরেই এই শহরটির অবস্থান। এখানে এসে ভালকেনবার্গ আন ডে গাল দূর্গ দেখে আসা যেতে পারে। এছাড়াও বিখ্যাত মার্ল গুহা থেকেও অনেকেই এই সুযোগে ঘুরে আসেন।

যে বিন্দুতে মিশেছে ৩ দেশ। ছবি : রুটস্ট্রিপ ডট কম যে বিন্দুতে মিশেছে ৩ দেশ। ছবি : রুটস্ট্রিপ ডট কম

 ইউরোপ ভ্রমণের পথে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম কিংবা আনা ফ্রাঙ্কের বন্দীদশার জায়গার পরেই ভ্রমণ বিচারে সবচেয়ে জনপ্রিয় জায়গা এই থ্রি বর্ডার রিজিওন। সবচেয়ে মজার ব্যাপার হল, এই এক জায়গায় এসে কোন প্রকার ঝামেলা ছাড়াই একইসাথে তিন দেশে পা রাখার সুযোগ পাচ্ছেন যে কেউ। তিন দেশের মুদ্রা ব্যবস্থা একই এবং সবকটিই ইউরোপীয় ইউনিয়নভুক্ত হবার কারণে ঝামেলাও অনেক কম এখানে।  



  সূত্র : https://www.holland.com/global/tourism/destinations/provinces/limburg/the-three-border-region-in-vaals.htm