মনোরম প্রাকৃতিক পরিবেশের গ্রীন ভিউ রিসোর্ট : উত্তরখান, ঢাকা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : গ্রীন ভিউ রিসোর্ট, ঢাকা



গ্রীন ভিউ রিসোর্ট Green View Resort

ছবি : সংগৃহীত[


 কর্মব্যস্ত নাগরিক জীবনে থেকে কিছুটা অবকাশ নিয়ে নিরিবিলি ছায়াঘেরা পরিবেশে কিছু সময় কাটিয়ে আসলে মন্দ হয়না। যেখানে নেই কোনো যান্ত্রিক কোলাহল, আছে শুধু সবুজ প্রকৃতি আর প্রশান্তিময় পরিবেশ। তবে, ছুটির অভাবে চাইলেও দূরের কোথাও ঘুরে আসা যায় না। তাই চাইলেই ঘুরে আসতেন পারেন ঢাকার খুব কাছে গ্রীন ভিউ রিসোর্ট (Green View Resort) থেকে। প্রচুর গাছপালা আর প্রাকৃতিক পরিবেশে ছাওয়া এই রিসোর্টটি খুবই সুন্দর। পরিবার-পরিজন নিয়ে যেকোনো ছুটিতে অল্প সময়েই ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে।

মনোরম প্রাকৃতিক পরিবেশে সকলে মিলে দারুণ কিছু সময় কাটাতে পারবেন। ঢাকার খুব কাছেই উত্তরখানের মৈনারটেক বাজারের পাশেই গ্রীন ভিউ রিসোর্ট অবস্থিত। যান্ত্রিক কোলাহল থেকে দূরে মনোরম গ্রামীণ পরিবেশে এই নয়নাভিরাম রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। অপরূপ সৌন্দর্য আর বিশাল জায়গাজুড়ে বিস্তৃত এই রিসোর্টটিতে হোটেল সুবিধাও রয়েছে। ঢাকার খুব কাছে হওয়ায় খুব সহজেই ভ্রমণ প্রেমীরা এখানে আসতে পারেন।


কি কি উপভোগ করবেন

গ্রামীণ দৃশ্যপটে সকল ক্লান্তি ভুলে মেতে উঠেন আনন্দে। এখানকার পরিবেশও খুবই নির্জন। যার কারণে প্রকৃতিপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই রিসোর্টটি। ডে লং ট্যুর অথবা রাত্রি যাপনের জন্যে দারুণ একটি জায়গা এটি। এখানে আগত অতিথিদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন। ডিজে পার্টিসহ খোলা লেকে বোটিং করতে পারবেন। এছাড়া চমৎকার সুইমিংপুলে সাঁতার কাটার সুযোগ রয়েছে। এজন্যে অবশ্য কিছু বাড়তি টাকা গুনতে হবে। আরও আছে ঘাট বাঁধা পুকুর যেখানে বসে বিকেলটা কাটিয়ে দিতে পারবেন অনায়াসে।

শিশুদের বিনোদনের জন্য এখানে আছে কিডস জোন ও মিনি চিড়িয়াখানা। চিড়িয়াখানায় দেখতে পাবেন হরিণের রাজ্য। নাম না জানা বহু পাখির কল-কাকলিতে মুখরিত পরিবেশে ময়ূরের পেখম তুলে নৃত্য মুগ্ধ করবেই। মিনি চিড়িয়াখানার ঠিক অপর প্রান্তে দেখতে পাবেন বড় বড় কয়েকটি পাখির ঘর। শিশুদের নিয়ে গেলে তাদের সময়টা অনেক আনন্দে কাটবে এখানে। আরও আছে খেলার মাঠ। দল বেঁধে সেই মাঠে খেলতেও পারবেন। শিশুরা মনের আনন্দে মাঠে ছুটাছুটি করতে পারবে।


গ্রীন ভিউ রিসোর্ট Green View Resort

ছবি : সংগৃহীত


রিসোর্টে পাবেন আধুনিক মেশিন সমৃদ্ধ জিম ঘর। এখানে আপনি পাবেন ট্রেডমিল, কেবল ক্রসওভার স্মিথ মেশিনসহ শরীরচর্চার প্রয়োজনীয় আরও অনেক আধুনিক সরঞ্জাম। যারা পরিবার বা বন্ধুদের সাথে রাতের সময়টাকে উৎসব মুখর করতে চান তারা মাঠের মাঝখানে করতে পারেন ফায়ার ক্যাম্পিং। এছাড়া রিসোর্টে ইনডোর গেমসের মধ্যে আছে বিলিয়ার্ড খেলা। চাইলেই বন্ধুদের নিয়ে এ খেলা উপভোগ করতে পারেন। যারা বিভিন্ন কর্পোরেট মিটিং, সেমিনার, সভা, কনফারেন্স ইত্যাদির আয়োজন করতে চান তাদের জন্য প্রথম ফ্লোরে আছে সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম। এছাড়া গ্রাউন্ড ফ্লোরে যেকোনো বিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকী অথবা যেকোনো ধরনের ইভেন্ট এর জন্য আছে সুন্দর কারুকার্য সম্পন্ন আকর্ষণীয় ইভেন্ট রুম।

এছাড়াও কর্পোরেট অথবা ব্যবসায়িক যেকোনো ধরনের গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য আলাদা রুমের ব্যবস্থা রয়েছে। রিসোর্টের অতিথিদের খাওয়া-দাওয়ার জন্য রয়েছে নান্দনিক ডিজাইনের দুটি বড় আকারের রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট দুটি হল পাঁচফোড়ন রেস্টুরেন্ট এবং গ্রিন বিস্ট্রো রেস্টুরেন্ট। এছাড়াও পাবেন রিফ্রেশ স্ন্যাকস এন্ড জুস বার নামে অন্য আরেকটি ছোট দোকান।এই রেস্টুরেন্টগুলোতে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর এবং রাতের খাবার পাওয়া যাবে। মেনুতে থাই, চায়নিজ, ইন্ডিয়ানসহ দেশীয় সব মুখরোচক খাবার পাবেন। মাঠের একদম পাশে রেস্টুরেন্টটি হওয়ার ফলে বাহিরের প্রকৃতি দেখতে দেখতে খাবার উপভোগ করতে পারবেন। এখানকার খাবারের মানও বেশ উন্নত।


রিসোর্টে প্রবেশমূল্য ১০০ টাকা।

এই রিসোর্টে থাকার জন্য কয়েক ধরনের আবাসন ব্যবস্থা রয়েছে। ঈগল’স ডেন ফ্যামিলি বাংলো, প্রিমিয়াম স্যুইট, সুপার ডিলাক্স, কাপল কটেজ, ডুপ্লেক্স কটেজ, সুপার ডিলাক্স রুমের ব্যবস্থা আছে। প্রতি রাতের জন্য খরচ পড়বে চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত । বিভিন্ন উৎসবে প্যাকেজের মাধ্যমে নানান অফার দিয়ে থাকে রিসোর্ট কর্তৃপক্ষ। এছাড়া ডে লং ট্যুর এর জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ। এই প্যাকেজ জনপ্রতি মাত্র ১,৮০০ টাকায় পাবেন। এই রিসোর্টের প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়া প্রতিটি রুমে কাপড় লন্ড্রি ব্যবস্থা, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, বেলকনি, সুন্দর বাথটাব, এলইডি টেলিভিশন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, ওয়াইফাই, ল্যান্ডফোনের ব্যবস্থা, বোতলজাত পানি, চা এর ব্যবস্থা রয়েছে। সাথে ২৪ ঘণ্টা রুম সার্ভিস সুবিধা তো আছেই।

যোগাযোগ : ফোন : 01762682702, 01762682703 01762682702, 01762682704

যেভাবে যাবেন : ঢাকা থেকে খুব সহজেই এই রিসোর্টে পৌঁছাতে পারবেন। আব্দুল্লাহপুর থেকে মৈনারটেক বাজারের দূরত্ব ৬ কিলোমিটার আর আপনি যদি আজমপুর হয়ে যেতে চান তবে দূরত্ব হবে মাত্র সাড়ে সাত কিলোমিটার। সেখান থেকে রিক্সা, সিএনজি ও অটোরিকশা করে সহজেই চলে যেতে পারবেন রিসোর্টে।  


রুবাইদা আক্তার   এস এম