প্রকৃতির নান্দনিকতার গড়ে ওঠা হিল তাজ রিসোর্ট : রাঙ্গামাটি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : রাঙামাটির হিল তাজ রিসোর্ট

কাপ্তাই লেকের অপার সৌন্দর্যের মাঝে অবস্থিত এই রিসোর্টে পাবেন প্রকৃতির আদিম সৌন্দর্যের দেখা। নিসর্গের বাতাবরণে আপনার অবকাশ যাপন হবে আরও বেশি প্রশান্তিময়। রাঙ্গামাটির সদর উপজেলার পাশেই গড়ে উঠেছে এই হিল তাজ রিসোর্ট। হিল তাজ রিসোর্টটি অপরূপ কাপ্তাই লেকের নীল জলরাশি দিয়ে ঘেরা দ্বীপে অবস্থিত। আধুনিক এই রিসোর্টটিকে অনেকেই তাজমহল নামে চিনে। এটি রাঙামাটির অন্যতম একটি জনপ্রিয় রিসোর্ট হয়ে উঠেছে। নীল আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু-নিচু পাহাড়, মাথা উঁচু করে দাড়িয়ে থাকা সবুজ বন, কাপ্তাই লেকের নীল জলরাশি ঘেরা এই রিসোর্টে রাঙামাটির প্রকৃত সৌন্দর্যের দেখা পাবেন। রিসোর্টের দৃষ্টি নন্দন শৈল্পিক কারুকার্যময় চারতলার অট্টালিকাটি দিনের আলোয় যেন ছড়ায় শুভ্রতা।
আর রাতে বর্ণিল আলোয় ধারণ করে এক মোহনীয় রূপ। পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে এই রিসোর্টটি। সারাদিন রাঙামাটির নানান ভ্রমণ স্পট বেড়িয়ে এসে সন্ধ্যা ঘনিয়ে আসলে পর্যটকরা ফেরেন হিল তাজ রির্সোট-এ। অপার প্রশান্তিতে রিসোর্টের সৌন্দর্য উপভোগ করেন। বিদেশী পর্যটকের কাছেও পাহাড়ের প্রধান আকর্ষণ এই রিসোর্ট। এই রিসোর্টের চারপাশে সবুজের চাদরে মোড়ানো ছোট বড় অসংখ্য পাহাড়।

কি কি উপভোগ করবেন
লেকের বিশাল জলরাশি আর সবুজ প্রকৃতির গাছ-পালা থাকার কারণে রিসোর্টটি বেশ নিরিবিলি। শীতল আবহাওয়া ও নির্জনতা উপভোগ করার জন্য চমৎকার পরিবেশ এখানে। তাই সারাদিনের ভ্রমণের ক্লান্তি শেষে এখানে এসে পাবেন পরম আরাম ও প্রশান্তি। প্রকৃতির খুব কাছাকাছি থাকার জন্য এখানে আছে তাঁবুর ব্যবস্থা। চাইলে পিকনিক এর আয়োজনও করতে পারবেন। রিসোর্টটিতে বাচ্চাদের জন্য আছে দোলনা, হেমকসহ ট্রি-হাউস ও পাখিদের কলতান। আরও রয়েছে ফিশিংয়ের আয়োজন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা তো আছেই। রয়েছে ২৪ ঘণ্টা সিকিউরিটি ও হেল্প ডেস্ক। পাবেন ওয়াইফাই সুবিধাও। লেকে ঘুরে বেড়ানোর জন্য ভাড়ায় বোটের ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও রিসোর্টটিতে রয়েছে আরও অনেক রকমের সুযোগ-সুবিধা। এই রিসোর্টের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট। অতিথিদের জন্য রয়েছে রাঙ্গামাটির তরতাজা শাক-সবজি দিয়ে দেশীয় সকল খাবার। জনপ্রিয় বাঁশকোড়ল ও কাপ্তাই লেকের বিচিত্র প্রজাতির মাছেরও স্বাদ নিতে পারবেন এখানে। এসব খাবার অত্যন্ত সুস্বাদু ও মুখরোচক। রিসোর্টটির পাশেই রাঙ্গামাটি সেনা বিগ্রেড(রিজিওন) থাকায় নিরাপত্তার কোন কমতি নেই এখানে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে বিদেশী পর্যটকের অত্যন্ত পছন্দ এই রিসোর্ট। ভিআইপি,নন ভিআইপি, এসিসহ ২০টির অধিক রুম রয়েছে। রুমে ঠাণ্ডা ও গরম পানির ব্যবস্থা আছে। নাগালের মধ্যেই রুমের খরচ ধরা হয়েছে। এছাড়া প্রায়ই সময়েই হিল তাজ রিসোর্ট বিভিন্ন ডিসকাউন্ট অফার প্রদান করে থাকে।
যেভাবে যাবেন :
ঢাকা থেকে সড়কপথে রাঙামাটি যেতে চাইলে কলাবাগান, ফকিরাপুল, কল্যাণপুর, সায়েদাবাদ থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে ৯টা এবং রাত ৮টা থেকে ১১টার মধ্যে রাঙ্গামাটির উদ্দেশ্যে অসংখ্য পরিবহণের এসি ও নন এসি বাস যায়। ভাড়া পড়বে এসি বাসে ৯০০টাকা ,নন এসি ৬০০টাকা থেকে ৭০০ টাকার মধ্যে। আর চট্টগ্রাম থেকে আসতে চাইলে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে বিভিন্ন পরিবহনের লোকাল , গেইটলক ডিরেক্ট বাস পাবেন। এরপর রাঙ্গামাটি শহরে পৌঁছানোর পর রিজিওন ক্যান্টনমেন্ট এর সামনে বঙ্গবন্ধু স্ট্যাচু পার হয়ে ২০০ গজ সামনে সিও অফিসের গেইটে নেমে যাবেন। এখান থেকে পায়ে হেঁটে ৭-১০মিনিট সময় লাগবে। অথবা মেইন রোড থেকে সিএনজি ভাড়া করেও যেতে পারেন। সিও অফিসের ঘাটে অপেক্ষমাণ হিল তাজ রির্সোট এর ইঞ্জিন চালিতো নৌকা করে পৌঁছে যেতে পারবেন রিসোর্টে।রুবাইদা আক্তার এস এম