সৌন্দর্য ও বিনোদনের কেন্দ্র কিশোরগঞ্জ নরসুন্দা লেক সিটি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মৃতপ্রায় নরসুন্দা নদী ঘিরে অবস্থিত চমৎকার এই বিনোদন কেন্দ্র
নরসুন্দা লেক সিটি, কিশোরগঞ্জ। ছবি : ভ্রমণ গাইড
কিশোরগঞ্জ জেলা শহরের ওপর দিয়ে বয়ে চলেছে এক সময়ের খরস্রোতা নরসুন্দা নদী। কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণ এই নদীকে নবজীবন প্রদানের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হয়। এসব প্রকল্পের অংশ হিসেবে নরসুন্দা নদীকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নরসুন্দা লেক সিটি| এই লেক সিটিতে ৫টি দৃষ্টিনন্দন সেতু নির্মিত হয়েছে যা এই শহরের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। নরসুন্দা লেক সিটি শহরবাসীর বিনোদনে বাড়তি আনন্দের ব্যবস্থা করে দিয়েছে।
শহরের বিভিন্ন পয়েন্টে ৫টি দৃষ্টিনন্দন সেতু এবং ২টি ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। এছাড়া নদী তীরবর্তী স্থানে হাঁটা-চলা করার সুবিধার্থে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, নির্মিত হয়েছে সুপরিসর হাঁটার রাস্তা। ফলে শহরবাসী খুব সহজেই নদীর দুই পাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে। গুরুদয়াল সরকারি কলেজ থেকে গৌরাঙ্গবাজার সেতু পর্যন্ত নদী তীরবর্তী স্থানে হাঁটার জন্য সড়কের ব্যবস্থা করা আছে। ছোট বড় সকল বয়সের মানুষ এখানে সকাল-বিকাল হাঁটার পাশাপাশি নরসুন্দা নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারে। এতে শহরবাসীর কর্মব্যস্ত দিনের ক্লান্তি কাটিয়ে শরীর ও মন সতেজ হয়ে উঠে। চার দেয়ালে আবদ্ধ জীবন থেকে মুক্তির আশায় বিনোদনপ্রেমীরা তাই প্রতিদিনই দৃষ্টিনন্দন এই নরসুন্দা লেক সিটিতে ভিড় জমাচ্ছে।
আগত দর্শনার্থীদের সবসময়ই ভিড় লেগেই থাকে। ছবি : ভ্রমণ ইনফো
প্রাকৃতিক পরিবেশে চিত্তবিনোদনের জন্য এখানে রয়েছে গুরুদয়াল কলেজের পুকুর, ভাসমান মুক্তমঞ্চ। রয়েছে নরসুন্দা নদীতে নৌকা ভ্রমণের সুযোগ। একই সাথে দর্শনার্থীরা লেক সিটির সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ারের চূড়া থেকে উপভোগ করতে পারেন কিশোরগঞ্জ শহরের সৌন্দর্য ও রূপ বৈচিত্র্য। তাই বিনোদনের আশায় আগত মানুষের পদচারণায় সর্বদা মুখর থাকে এসব স্থান। এছাড়া গৌরাঙ্গবাজার সেতুর পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে একটি বিনোদন পার্ক। এতে শহরবাসীদের চিত্তবিনোদনের নতুন মাত্রা যোগ হয়েছে।
কীভাবে যাবেন : ঢাকা থেকে বাস বা ট্রেন উভয়ভাবে কিশোরগঞ্জ যাওয়া যায়। কমলাপুর থেকে সকাল ৭টা ৪০ মিনিট, ১০টা ২০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ৩টি আন্তঃনগর ট্রেন কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া ঢাকার সায়েদাবাদ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে নাবিল পরিবহন, এশা এন্টারপ্রাইজ, গোলাপবাগ বাস যাতায়াত করে। মহাখালি থেকে একতা সার্ভিস, ড্রিম লাইন, অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক ইত্যাদি বাস ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচল করে। কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আপনি চাইলে সরাসরি রিক্সা ভাড়া করে নরসুন্দা লেক সিটি যেতে পারবেন। রিক্সা ভাড়া পড়বে ২০ টাকা। অথবা লোকাল ইজিবাইকে জনপ্রতি ৫ টাকা ভাড়ায় গুরুদয়াল কলেজ সংলগ্ন মুক্তমঞ্চ যেতে পারবেন।