জেনে নিন নারীদের একাকী ভ্রমণের কিছু পূর্বপ্রস্তুতি
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : এই প্রয়োজনীয় কিছু বিষয় মেনে চললে ভ্রমণ হবে সহজতর
নারীরা এখন একাই বেরিয়ে পড়ছেন বিশ্বের নানা প্রান্তে। ছবি : দ্যা লিস্ট
ভ্রমণ সবসময়ই ভিন্ন ও দারুণ কিছু অভিজ্ঞতা এনে দেয়। ভ্রমণের ফলে নিজেকে আরও চেনা যায়। মনকে বিশাল করে তোলে এই ভ্রমণ। আর সফল একটি ভ্রমণ বাস্তবায়নের পূর্বশর্ত হচ্ছে সঠিক প্রস্তুতি। কোথাও ঘুরতে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি গ্রহণ করলে ভ্রমণ হয়ে উঠে আনন্দদায়ক। বিশ্বব্যাপী একাকী ভ্রমণের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে নারীরাও পিছিয়ে নেই। নতুন কিছুকে দেখার জন্য, নতুন মানুষের সাথে পরিচয়, নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য নারীরা এখন বিশ্বব্যাপী ভ্রমণ করছেন। তবে পূর্বপ্রস্তুতি ছাড়া একাকী ভ্রমণ বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক সময় অস্বস্তিকর হতে পারে। তাই আপনার ভ্রমণের আগে কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করলে ভ্রমণ হয়ে উঠতে পারে দারুণ এক অভিজ্ঞতার। চলুন জেনে নেয়া যাক নারীদের একাকী ভ্রমণের পূর্বে অবশ্য করণীয় কিছু কাজ :
ভ্রমণস্থান সম্পর্কে পর্যাপ্ত গবেষণা করে নিন : আপনি যেখানে যেতে চান সেখানে কেন যেতে চান তা সম্পর্কে পুরোপুরি ধারণা রাখতে হবে। প্রাথমিক ধারণা হয়ত আপনি পড়েছেন এমন কোনো বই বা আপনি দেখেছেন এমন সিনেমা থেকে আসতে পারে। তবে যাওয়ার আগে আপনাকে আপনার ভ্রমণস্থান সম্পর্কে পর্যাপ্ত গবেষণা করে নিতে হবে। কতদিনের জন্য ঘুরতে যাবেন, আপনার বাজেট কত, সাগর, পাহাড়, বন কোন জায়গা আপনার বেশি পছন্দ এসব মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ভ্রমণ গন্তব্য কোথায় হবে। যেখানে বেড়াতে যাবেন সেই জায়গার সুযোগ-সুবিধা কেমন, নিরাপত্তাব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে হবে। সেখানকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিন। কোন সময়ে গেলে আপনার ভ্রমণ আরামদায়ক ও আনন্দময় হয়ে উঠবে তার একটি প্রাথমিক গবেষণা করে নিন।
থাকার বিষয়টা আগে থেকেই ঠিক করে রাখুন : অনেক সময় দেখা যায় আপনি একটা নতুন শহরে গেছেন, সেখানে গিয়ে কোথায় উঠবেন এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে নিরাপত্তার কথা মাথায় রেখে মানসম্মত হোটেল বা যেকোনো থাকার জায়গা আগে থেকেই ঠিক করে রাখা উচিত। ভ্রমণে গেলে নিরাপদ একটা থাকার জায়গা খোঁজা, আর সেগুলোর খরচ আপনার সাধ্যের মধ্যে কিনা এসব যাচাই করে দেখা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই এই বিষয়টা আগে থেকেই জেনেশুনে রাখা বুদ্ধিমানের কাজ। বিশ্বাসযোগ্য কোনো উৎস থেকে আগেই জেনে নিন যে কোথায় থাকলে ভাল হয়।
ভ্রমণের শুরু ও শেষ দিনের পরিকল্পনা আগেই করে রাখুন :
ভ্রমণের প্রতীকী ছবি। ছবি : ওয়ান ট্রাভেল গার্ল
বাইরে ঘুরতে যাওয়ার আগেই যতটা সম্ভব প্লান করে রাখা দরকার। বিশেষ করে শুরু ও শেষ দিনের পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলা উচিত। কীভাবে, কোথা থেকে ভ্রমণ শুরু হবে, কোথায় কীভাবে যাওয়া যাবে এই বিষয়গুলো আপনাকে আগে থেকেই ভেবে ঠিক করে রাখতে হবে। একইভাবে কবে ফিরে আসা হবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে রাখা দরকার। এছাড়া ভ্রমণের পুরো সময়টাতে আপনি কোথায় কোথায় যেতে চান তার একটা খসড়া তৈরি করে রাখুন। এতে ভ্রমণকালে আপনার সময়ের সঠিক ব্যবহার হবে।
দর্শনীয় স্থানসমূহ জেনে নিন : ঘুরতে গেলে অনেক ক্ষেত্রেই হাতে খুব বেশি সময় থাকেনা। তাই যেখানে যাবেন ঠিক করেছেন তার আশেপাশে কী কী দর্শনীয় স্থান রয়েছে, কখন কোথায় ঘুরতে যাবেন এসবের খোঁজ নিয়ে একটা তালিকা করে ফেলুন। আর ভ্রমণে গিয়ে সেই তালিকা ধরে ধরে ঘোরা উচিত হবে। এতে যেমন আপনার সময় বাঁচবে তেমনই আপনার ভ্রমণস্থান সম্পর্কে একটি সম্যক ধারণা তৈরি হবে।
ব্যাকপ্যাক যথাসম্ভব হালকা করে গুছিয়ে নিন : বেড়াতে যাওয়ার সময় আপনি সঙ্গে কি কি নিবেন তার একটি তালিকা তৈরি করে নিন। কোথায় বেড়াতে যাচ্ছেন, কতদিন থাকবেন, সেখানকার আবহাওয়া কেমন এসব মাথায় রেখে প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করা উচিত। অন্তত দুই সেট জামাকাপড়, ওষুধপত্র, ফার্স্ট এইড কিট, তোয়ালে, টুথপেস্ট, ব্রাশ, জুতা ইত্যাদি ছাড়াও আনুসাঙ্গিক আর কী কী প্রয়োজন হতে পারে তা তালিকা ধরে ধরে ব্যাগে গুছিয়ে নিন। এতে করে প্রয়োজনীয় জিনিস বাদ পরে যাওয়ার সম্ভবনা থাকবে না।
আগে থেকেই প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখুন। ছবি : পিন্টারেস্ট
প্রয়োজনীয় কাগজপত্রের কয়েকটা কপি করে নিজের সাথে রাখুন। এছাড়া বেড়াতে যাওয়ার সময় পর্যাপ্ত পানি ও শুকনো খাবার নিয়ে নিতে হবে। তবে মনে রাখতে হবে ব্যাগ ভর্তি জিনিস না নিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস নেয়াই উত্তম। কারন একটি ভারী ব্যাকপ্যাকই আপনার ভ্রমণ আনন্দ মাটি করে দিতে পারে। তাই অপ্রয়োজনীয় কিছু না রেখে দেখেশুনে দরকারি জিনিসপত্রের তালিকা আগেই করে রাখুন।
প্রয়োজনীয় ডিভাইসের তালিকা তৈরি করে নিন : ঘুরতে যাওয়ার আগে আপনার দরকারি ডিভাইসগুলো গুছিয়ে নেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করুন। সবার সঙ্গে যোগাযোগ রাখতে মোবাইল ফোন নিয়ে নিন। ফোনের চার্জার সঙ্গে নিতে ভুলবেন না। এছাড়া সঙ্গে নিতে পারেন একটা ভাল ক্যামেরা। এতে আপনার ভ্রমণের সুন্দর স্মৃতিগুলো ধরে রাখতে পারবেন। সর্বোপরি সবকিছুর একটা পূর্ব তালিকা তৈরি করে নিন যেন যাওয়ার আগ মুহূর্তে কিছু বাদ না পড়ে যায়।