দুবাই ডেজার্ট সাফারি : মরুভূমির বুকে বিস্ময়কর ভ্রমণ
দুবাইয়ের আকর্ষণীয় স্পটগুলোর মধ্যে অন্যতম একটি হল ডেজার্ট সাফারি

ডেজার্ট সাফারি
পর্যটকদের জন্য এক দুর্নিবার আকর্ষণের জায়গা এই ডেজার্ট সাফারি। সান্ধ্য-কালীন সময়টা মূলত এখানে উপভোগ করেন পর্যটকরা। প্রতিদিন বিকাল ৪টা থেকে ডেসার্ট সাফারি ভ্রমণের সুযোগ দেয়া হয় । দুবাই শহর পেরিয়ে আল আইন যাওয়ার পথ ধরে এ সাফারির অবস্থান।
মরুময় এলাকাজুড়ে পাহাড়ের মতো উঁচু-নিচু বালির স্তূপ। উঁচু থেকে নিচুতে আবার নিচের দিক থেকে ওপরে দ্রুত বেগে ছুটতে থাকা সামনের গাড়িগুলো দেখে মনে হবে বালির সঙ্গে যুদ্ধ চলছে। এই রোমাঞ্চকর মরু সাফারিতে মনে হবে এই বুঝি গাড়ি কাত হয়ে উল্টে পড়ে গেল। কিন্তু এটাই এই ডেসার্ট সাফারির প্রধান আকর্ষণ। এখানকার দক্ষ গাড়ি চালকরা গাড়িকে তাদের নিয়ন্ত্রণেই রাখেন। রোলার কোস্টার রাইডের মত দারুণ অভিজ্ঞতা পাবেন এই ডেসার্ট সাফারিতে। চাইলে গাড়ি থেকে নেমে মরুভূমির বৈকালিক সৌন্দর্য উপভোগ ও ছবি তুলতে পারবেন। বালুচরে বিভিন্ন প্রজাতির প্রাণীর অবাধ বিচরণের দৃশ্যও দেখতে পাবেন।

আশে পাশের রিসোর্টগুলো
এখানকার রিসোর্টগুলো বালির পাহাড়ের মাঝে খোলা প্রান্তরে অবস্থিত। যার চারপাশ দিয়ে মরু ঐতিহ্যের আবাস তথা তাঁবু ও কুঁড়েঘরসহ আবাসনের সব আয়োজন করা থাকে। মাঝে নাচ-গানের আসরের জায়গা আছে। এখানে বসে মরুভূমিতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখার চমৎকার ব্যবস্থা আছে। রয়েছে আরবীয় কায়দায় বসার ব্যবস্থা । এখানে বিছানা-বালিশ ও বালিশের সমান উচ্চতার প্রশস্ত টেবিল রাখা। এই টেবিলে বসেই বুফে ডিনার সারতে পারবেন। এখানে আলাদা ঘরে নামাজেরও ব্যবস্থা আছে। মরুভূমিতে এখানে সুন্দর টয়লেট ব্যবস্থা আছে।বেলী ড্যান্স
মরুভূমির বুকে আলো-আঁধারীর মাঝে শুরু হয় 'বেলী ড্যান্স'। ঘড়ির কাঁটার উল্টো দিকে টানা ঘুরতে থাকেন শিল্পী। চলে বিভিন্ন ধরণের কসরত। শিল্পীর পোশাকও থাকে রঙ-বেরঙের। নাচের সময় বন্ধ করে দেয়া হয় মঞ্চের বাতি। অন্ধকারে পোশাকের আলো নৃত্যশিল্পীর ঘূর্ণনের সাথে চমৎকার আলোর দৃশ্য তৈরি করে। আরবীয় সুরের ঝঙ্কারে শিল্পীরা অবিরত নেচে চলেন। গানের তালে তালে অপূর্ব ভঙ্গিমায় তাদের এই নাচ সত্যিই অসাধারণ। এই নৃত্যের পর পর্যটকরা রাত ৯টার দিকে ফেরত যান নিজ নিজ গন্তব্যে।খরচপাতি :
ডেসার্ট সাফারিতে যেতে বিভিন্ন ট্যুর অপারেটরের প্যাকেজ রয়েছে। জনপ্রতি প্যাকেজ মূল্য ৭০ দিরহাম থেকে ৩০০ দিরহাম পর্যন্ত পড়ে। এসব প্যাকেজ ট্যুরের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) গাড়িতে যাওয়া-আসা, বারবিকিউ ডিনার, কোমল পানীয়, উটের পিঠে চড়া, মেহেদি লাগানো, বেলি ড্যান্স দেখাসহ আরও কিছু সুবিধা অন্তর্ভুক্ত থাকে।রুবাইদা আক্তার এস এম