চিন্তা যখন ট্যুরের বাজেট নিয়ে

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ট্যুরের ক্ষেত্রে বেশি নজরদারির বাজেট ম্যানেজমেন্ট নিয়ে

ট্যুরে বের হওয়ার আগে বাজেট পরিকল্পনা করুন সঠিকভাবে। ছবি : এলামি[

যেকোনো ট্যুর ম্যানেজমেন্ট করতে হলে সবচেয়ে বেশি নজর যে বিষয়ে দিতে হয় তা হলো বাজেট ম্যানেজমেন্ট। বাজেট ম্যানেজমেন্ট ঠিকভাবে করা না গেলে অনেক ভালো ট্যুরও খুব বাজেভাবে শেষ হয় সেইসাথে ট্যুরমেটদের সাথে সম্পর্কও খারাপ হয়। তাই ট্যুরের ক্ষেত্রে বাজেটের বিষয়টা আগেই পরিকল্পনায় রাখতে হবে। বাজেট ম্যানেজমেন্টের জন্য ট্যুরের আগেই সবিস্তারে খোঁজখবর করে বাজেট ফাইনাল করতে হবে। লিস্ট করে ফেলতে হবে কতজন যাচ্ছেন, কোথায় কোথায় যাবেন, থাকা-খাওয়ার খরচ কেমন, আনুষাঙ্গিক খরচ কত হতে পারে। যা খরচ আসে তার থেকে কিছুটা বাড়িয়ে ধরতে পারলে ভালো তাহলে রিস্কে পড়ার সম্ভাবনা কম। ট্যুরের বাজেট কম-বেশি হয় ট্যুরে কয়জন যাচ্ছে, রিল্যাক্স নাকি ব্যাকপ্যাক ট্যুর এবং কোথায় যাচ্ছেন তার ওপর। সব জায়গার বাজেট অবশ্যই একই না। যেই বাজেটে আপনি টাংগুয়ার হাওড় ঘুরে আসতে পারবেন সেই বাজেটে সেন্টমার্টিন ঘুরে আসা সম্ভব না। তাই আগে থেকে খোঁজ খবর না করে বাজেট ঠিক করে ফেলবেন না।

বাজেট ঠিক করার আগে জেনে নিন যেখানে যাচ্ছেন সেখানে ট্যুরের সিজন কখন। আমাদের দেশে হাওড় এলাকা বাদে বেশিরভাগ স্থানেই শীতকাল হলো টুরিস্ট সিজন। সাধারণ সময়ে হোটেলে ভাড়া আর সিজনের ভাড়ায় আকাশ-পাতাল তফাৎ, এই বিষয়টা ভুলে গেলে হবে না। লোকাল কারও সাথে বা দুয়েকটা হোটেলে খোঁজ নিয়ে যখন যাচ্ছেন তখনকার ভাড়ার খোঁজ নিতে পারেন।

ট্যুরে বাজেট বেশি থাকলে হোটেল বুকিং দিয়ে দিতে পারেন নাহলে সরাসরি যেয়ে হোটেল ঠিক করাই ভালো এতে আপনার বাজেটের মধ্যেই হোটেল পাওয়ার সম্ভাবনা থাকে। অনেক হোটেলে বড় সাইজের ফ্যামিলি রুম থাকে। যদি নিজেদের লোক নিয়ে ট্যুর দেন সেক্ষেত্রে এই ফ্যামিলি রুম নিলে খরচ আলাদা আলাদা রুমের থেকে কম হয়। এসব রুমে ৬-৮ জন সহজেই থাকতে পারে। অভ্যন্তরীন যাতায়াতের ক্ষেত্রেও বাজেটের বিষয়টা গুরুত্বপূর্ণ। সাজেক, বান্দরবান, খাগড়াছড়ি এসব এলাকায় অভ্যন্তরীন যানবাহন হিসেবে ব্যবহার হয় চাঁদের গাড়ি। এসব গাড়িতে ১২-১৪ জন একবারে যেতে পারে। তাই ১২-১৪ জনের গ্রুপ গেলে খরচ যা হবে ৫-৬ জন গেলে অবশ্যই খরচ বেড়ে যাবে। তাই যাত্রা করার আগে এই বিষয়টা মাথায় রাখা দরকার।

ছবি : ট্রাভেলিং টিপস পর ইউ

ট্যুরে কোথায় খাওয়া-দাওয়া করবেন তার ওপরও বাজেট নির্ভর করে। আগে থেকেই কোন বেলায় খাবারের পিছে কত খরচ করবেন তা পরিকল্পনায় রাখুন। চেষ্টা করুন সেই বাজেটের বেশি যাতে খরচ না হয়। নিজের পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে ট্যুর দিলে বাজেট ম্যানেজের বিষয়টা একটু শিথিল করা যায় কিন্তু যখন কোন গ্রুপ ট্যুর ম্যানেজ করবেন তখন বাজেট ম্যানেজমেন্টে সমস্যা হলে সেই দায়ভার সম্পূর্ণ পরবে আপনার ওপর। সেইসাথে হয়তো নিজের পকেটের থেকেও টাকা চলে যেতে পারে। তাই পরিপূর্ণ বাজেট প্ল্যান ছাড়া ট্যুর শুরু করাটা ঠিক না। অন্তত একটা ধারণা ও লিস্ট করে নিতে হবে যে সর্বোচ্চ কত খরচ হতে পারে। তাহলেই ট্যুরে বাজেট নিয়ে মাথায় চাপ কম থাকবে, ট্যুর হবে আনন্দময়।

আমাদের 'ট্যুর ম্যানেজমেন্টের আদ্যোপান্ত' সিরিজের পরবর্তী লেখাগুলোতে বিভিন্ন ধরণের ট্যুর ম্যান জমেন্টের বিষয়ে আলাদা আলাদা করে আলোচনা করা হবে। কোথাও বেড়াতে গেলে অবশ্যই ময়লা-আবর্জনা ফেলে নোংরা করবেন না। আমাদের দেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।