ঘুরে আসুন বাগেরহাটের চন্দ্রমহল ইকো পার্ক

পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো



চন্দ্রমহল ইকোপার্ক

ছবি : সংগৃহীত


চন্দ্রমহল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় রঞ্জিতপুর গ্রামের কাছেই অবস্থিত একটি ইকো পার্ক। তাজমহলের আদলে তৈরি চমৎকার এক শৈল্পিক নিদর্শন এটি। মূলত ২০০২ সালে সেলিম হুদা নামক এক ব্যক্তি তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রের নামানুসারে প্রায় ৩০ একর জমির ওপরে এই ইকো পার্কটি তৈরি করেন। চন্দ্র মহলের সৌন্দর্য যে কোনও পর্যটক কে আকৃষ্ট করবেই। বিশেষ করে প্রখর রোদের আলো যখন মহলের উপরের সোনালী অংশে পরে তখন এটি দেখে দামী কোনও ধাতব পদার্থ দিয়ে নির্মাণ করা হয়েছে বলে মনে হয়। মহলটির চারপাশ একটি কৃএিম লেক দ্বারা বেষ্টিত। মহলে পৌঁছানোর জন্য পানির নিচ থেকেই নেয়া হয়েছে পাকা রাস্তা। রাস্তার মাঝপথে গেলেই দর্শনার্থীদের চোখে পরবে পুরু কাঁচের উল্টো পাশের বড় বড় মাছ। সুন্দরবন যাওয়ার পথে চন্দ্র মহলের অবস্থান বিধায় সুন্দরবনের দর্শনার্থীদের একটি বড় অংশ চন্দমহল দেখতে আসে।

মূল ভবন ছাড়াও পুরো এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো। এছাড়া ভাস্কর্যের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে গ্রাম্য মানুষের চরিত্র নিয়ে প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ইকো পার্কের ভেতরে বিভিন্ন প্রজাতির পশু-পাখি রয়েছে। আদি আসবাবপত্র আর তৈজসপত্র ছাড়া কিছু স্থির ছবি রয়েছে এখানে। লেকের পাড়ে রয়েছে নারিকেল গাছের সারি। হরিণ, কুমির, বানর ও পাখিসহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি ও ভাস্কর্যসহ বিলুপ্ত হওয়া রূপসা-বাগেরহাট রেল লাইনের প্রতিকৃতিও। গ্রাম পঞ্চায়েত ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য। মাস্টারদা সূর্য সেন, বেগম রোকেয়া, আতাউল গনি ওসমানী, মাদার তেরেসা, মহাত্মা গান্ধীর ভাস্কর্যও দেখা যায়। পর্যটকদের জন্য এখানে নির্মাণ করা হয়েছে নানান প্রস্তর শিল্প, মৃত্তিকা শিল্প, বাঁশ ও বেত শিল্পের মানুষ ও প্রাণীর মূর্তি। মাটি দিয়ে তৈরি করা হয়েছে পল্লী সংস্কৃতির নানান স্মৃতিকথা, গ্রামীণ নারীর জীবনযাত্রার বিমূর্ত ছবি ফুটে উঠেছে এই শিল্পে। এখানে রয়েছে পনির ওপরে বাঁশের তৈরি কুটির ও রেস্তরাঁ। বাচ্চাদের জন্য রয়েছে কিডস-জোন ও বিভিন্ন রাইডের ব্যবস্থা।

আছে পিকনিক স্পটও

পর্যটকদের জন্য রয়েছে পিকনিক স্পট। একটি কাঠের তৈরি বড় ঘর তার পাশেই রয়েছে রান্নার সকল ব্যবস্থা। যাতে করে দর্শনার্থীরা নিজেদের মত করে পিকনিক করতে পারে। ইকো পার্কের চারপাশে ছড়িয়ে রযেছে প্রচুর ফল-ফলাদির গাছ যা পার্কের পরিবেশকে খুবই মনরম করে তুলেছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চন্দ্রমহল ইকোপার্ক খোলা থাকে। চন্দ্রমহলে প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা।

যেভাবে যাবেন :

ঢাকা থেকে বাগেরহাটগামী যে কোনও বাসে করে করে বাগেরহাট। সেখান থেকে ফকিরহাট উপজেলায় রঞ্জিতপুর গ্রামে চলে যেতে পারবেন সহজেই।  

এস এম