অবসরে ঘুরে আসুন প্রকৃতির নিবিড় ছায়ায় জিন্দাপার্কে,নারায়নগঞ্জ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঢাকার অদূরেই প্রকৃতির আদলে গড়ে তোলা আদর্শ এক পার্ক জিন্দাপার্ক

কি কি দেখতে পাবেন
এখানে রয়েছে একটি কমিউনিটি স্কুল, কমিউনিটি ক্লিনিক, লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এবং একটি রেস্তোরাঁ। এখানকার লাইব্রেরি বর্তমানে একটি স্থাপত্য নিদর্শন হিসেবে জনপ্রিয়। গাছের ছায়ায় রোদের আবছা আলোয় অপূর্ব এই ভবনটি নিঃসন্দেহে মন কেড়ে নিতে পারে। প্রায় ২৫০ প্রজাতির ১০হাজারের মত গাছপালা রয়েছে এই জায়গাটা ঘিরে। শান্ত দুপুরে পাখিদের কলকাকলি শোনার জন্য আপনাকে আসতেই হবে জিন্দাপার্কে। এসব ছাড়াও এখানে জায়গা করে নিয়েছে ৫টি লেক এবং পুকুর। এদের বিশালত্ব দেখে মানুষ মুগ্ধ হবেই। শহরের বুকে এমন টলমল পানির আধার এখন প্রায় বিরল বললেই চলে। কাঠের ভাসমান ব্রীজ পার হয়ে বসা যায় শীতল পানিতে পা ডুবিয়ে। রয়েছে চা এবং কফিরও ব্যবস্থা।
খরচপাতি
জনপ্রতি ১০০টাকার টিকেট কেটে যেতে হয় পার্কের ভেতরে। ভেতরে খাবারের ব্যবস্থা থাকলেও খরচ একটু বেশি পড়ে বিধায় অনেকে বাইরে থেকেই নিয়ে যান। তবে এর জন্য বাড়তি ২৫ টাকা করে দিতে হয়। তবে পার্কের সামনেও খাবারের দোকান রয়েছে। পিকনিকের জন্য সাধারণত ভেতরে অবস্থিত রেস্টুরেন্টে প্যাকেজের ব্যবস্থা রয়েছে কিন্তু সেক্ষেত্রে আগে যোগাযোগ করে নিতে হয়। এছাড়া লাইব্রেরিতে প্রবেশ মূল্য ১০ টাকা। পুকুরগুলোতে নৌকার ব্যবস্থাও রয়েছে। এর জন্য ৩০ মিনিটে গুণতে হবে ২০০টাকা। নিজস্ব গাড়ির পার্কিং খরচ গাড়ি ভেদে ৫০-১০০ টাকা। সবমিলিয়ে একদিনের ট্যুরে জিন্দাপার্ক ঘুরতে প্রায় ৫০০ টাকার মত খরচ হতে পারে জনপ্রতি কিংবা আরো কম। এর বাইরে কখনো পার্কে ঘুরতে এসে রাত্রিযাপন করতে চাইলে তার জন্যেও ব্যবস্থা রয়েছে এখানে। মহুয়া গেস্ট হাউজে চাইলে রাতের জিন্দাপার্কও দেখা হয়ে যাবে।
জোহরা মহসীন এস এম