চিনাদী বিল : শীত ভ্রমণে নরসিংদী

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চিনাদী বিল



চিনাদী বিল

ছবি : সংগৃহীত


 

দিগন্ত-জোড়া নীল হাওড়-বাওড়, বিল এর চিরায়ত সৌন্দর্য বাঙলার প্রকৃতিতে দিয়েছে শিল্পীর তুলিতে আঁকা ছবির রূপ। গোধূলি বেলায় বিলের আকাশে উড়ে চলা পাখির দলের সৌন্দর্য প্রকৃতি প্রেমীদের নিমিষেই করে তোলে আনমনা। নীড়ে ফেরা পাখিরা সন্ধ্যের রক্তিম আকাশে মিলিয়ে যায় সূর্যেরই মত। অপরূপ এ দৃশ্য মনভোলায় সকল প্রকৃতি প্রেমীর। কেউ যদি প্রকৃতিপ্রেমী ও পাখিপ্রেমী হয়ে থাকে তবে, এই শীতে তার ঢাকার অদূরেই নরসিংদীর চিনাদী বিল থেকে ঘুরে আসা উচিৎ। অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের এই বিলটি নাগরিক ঝঞ্ঝাট থেকে একটা দিনের জন্য মুক্তি দিয়ে নিয়ে যাবে প্রকৃতির সান্নিধ্যে।


চিনাদী বিল

ছবি : সংগৃহীত


নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নে এই বিলটির অবস্থান। প্রায় ৫৫০ বিঘা আয়তনের স্বচ্ছ পানির বিশাল এক বিল এই চিনাদী বিল। মানিকদী, শিমুলিয়া, দুলালপুর, ভিটি চিনাদী ও দরগাহবন্দ, এই পাঁচ গ্রামের মিলনস্থলে অবস্থিত এই বিলটি অবারিত প্রাকৃতিক সৌন্দর্যের আধার। যা প্রকৃতি-প্রেমীদের মায়া জগতের মতই আকর্ষণ করছে।

চিনাদী বিল

স্বচ্ছ টলটলে পানিতে ভাসমান কচুরিপানা, শাপলা, শালুক, পদ্মপাতা, শিংরাসহ বিভিন্ন জলজ উদ্ভিদের ফাঁকে ফাঁকে মাছেদের খেলা এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা ঘটায় এখানে। এছাড়া, এই বিলের চারদিকে রয়েছে জেলেপাড়া যারা এই বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। এই জেলেদের বাড়িগুলোতে রয়েছে যুগযুগের আবহমান বাংলার এক প্রাকৃতিক দৃশ্য। বক, চিল, মাছরাঙা, পান কৌড়ি, বালিহাঁসসহ বিভিন্ন রকম পাখির বিচরণে চমৎকার গ্রামীণ দৃশ্যের সৌন্দর্য মুগ্ধ করে এখানে আগত দর্শনার্থীদের।




চিনাদী বিল

ছবি : সংগৃহীত


বিলের চারপাশের শস্য-শ্যামলা নয়নাভিরাম দৃশ্য ও নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য বিমুগ্ধ করবে সবাইকে। নৌকা কিংবা স্পিডবোটে বিলের বুকজুড়ে ভেসে বেড়াতে বেড়াতে উপভোগ করতে পারবেন বিলের দু-ধারের মনোরম প্রাকৃতিক শোভা। অথবা বিলের তীরে পায়ে হেঁটে উপভোগ করতে পারেন বিলের মনোরম দৃশ্য। সন্ধ্যা নামলে গোধূলির রক্তিম আভা চিনাদি বিলের পানির সাথে মিলেমিশে গড়ে তোলে দারুণ মোহময় সৌন্দর্যের। এ যেন আকাশ আর জলের গভীর সখ্যতা। তাই যান্ত্রিক কোলাহল থেকে দূরে দারুণ একটা বিকেল কাটিয়ে আসতে পারেন চিনাদী বিলে।

চিনাদী বিল

শীতকালে প্রতিদিন সকালে ও বিকালে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন জাতের অতিথি পাখি বিলের ঘেরের ভেতর কচুরি পানায় বসে মাছ শিকারে মেতে উঠে। আবার ঝাঁকে ঝাঁকে বিলময় এসব পাখিদের ওড়াওড়ি ছোটাছুটি নিমেষেই কেড়ে নেয় প্রকৃতিপ্রেমীদের মন। অসংখ্য এই পাখির কলকাকলি ও ঝাঁক বেঁধে আকাশপানে উড়ে যাওয়ার দৃশ্য বিমুগ্ধ করার মতোন।


চিনাদী বিল

ছবি : সংগৃহীত


নদী তীরে রয়েছে কৃষকের আবাদ করা নানা রকম শাকসবজির ক্ষেত। এছাড়া এই বিল ঘিরে ফসলের সবুজ চত্বরে সর্ষে ফুলের হলদে রঙের চিত্র মনকে আনন্দিত করে তুলবে। অনেকে এখানে আসেন সরাসরি জেলেদের নিকট থেকে চিনাদী বিল থেকে ধরা দেশীয় প্রজাতির মাছ কিনতে। এই বিলের সুস্বাদু মাছের স্বাদের খ্যাতি রয়েছে রাজধানী ঢাকা পর্যন্ত। চাইলে যে কেউই ইচ্ছেমত এই বিলের চমৎকার স্বাদের মাছ কিনে নিয়ে বাড়ি ফিরতে পারবে।

যেভাবে যাবেন : ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব মাত্র ৫৪ কিলোমিটার। গুলিস্তান, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর থেকে নরসিংদীর বাস পাওয়া যায়। বিভিন্ন পরিবহন ৫ মিনিট পর পর নরসিংদীর বাস ছাড়ে। যেতে সময় লাগে দেড় ঘণ্টা। ট্রেনেও নরসিংদী যেতে পারবেন। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নরসিংদী যেতে ট্রেনে সময় লাগে ১ ঘণ্টার মতো।  

রুবাইদা আক্তার   এস এম

আরো পড়ুন ঃ মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড-২০১৮ বাংলাদেশের প্রিয়তা ইফতেখার!