গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর : শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গ্র্যান্ড সেলিম রিসোর্ট


গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর

ছবি : সংগৃহীত


চায়ের বাড়ি শ্রীমঙ্গল মানেই অবারিত চা বাগানের সবুজ গালিচায় ঢাকা এক স্বর্গ। পর্যটকদের প্রিয় এই জায়গাটির পরতে পরতে ছড়িয়ে আছে নিসর্গের জাদু। ভরা বর্ষাকালে শ্রীমঙ্গল যেমন থাকে সবুজে পূর্ণ যৌবনা আবার শীতে থাকে অপার মাধুরীর কুয়াশার চাদরে জড়ানো। পরিবার-পরিজন অথবা বন্ধুদের নিয়ে নিজের মতো করে অবকাশ যাপন করতে চাইলে চলে আসতে পারেন শ্রীমঙ্গলের নিরিবিলি প্রকৃতির মাঝে। অপার সবুজের সাথে মিশে নিজেকে ফিরে পাবেন আবার নতুন করে। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য সুধা আরও ভালোভাবে উপভোগ করতে অবস্থান করতে পারেন অনিন্দ্য সুন্দর কোনও রিসোর্টে। সেক্ষেত্রে গ্র্যান্ড সেলিম রিসোর্ট (Grand Selim Resort & Tour) হতে পারে আপনার পছন্দসই রিসোর্ট। শ্রীমঙ্গল শহর থেকে ফিনলে চা বাগানের দিকে যেতে মাত্র ২ কিলোমিটার দূরে রামনগরে এই রিসোর্টটি অবস্থিত। এটিকে সংক্ষেপে জিএসআরটি রিসোর্টও বলা হয়। উপজাতীয় গ্রাম মনিপুরী পাড়ার ঠিক সামনে চা-বাগানের মাঝখানে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে।


বিশাল চা বাগান

বিশাল এই রিসোর্টের পেছনে পুরো এলাকাজুড়ে আছে বিশাল চা বাগান। চা বাগানের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় নান্দনিক এই রিসোর্টে। পরিবেশ বান্ধব এই রিসোর্টটি বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্রের বেশ কাছে অবস্থিত। চা বাগানের মাঝে হওয়ায় রিসোর্ট থেকেই অপরূপ নিসর্গের দেখা পাবেন। চারিদিকে চা বাগানের সবুজ প্রান্তর আর অপার নীরবতায় ঘিরে থাকা পরিবেশে সব ব্যস্ততাকে দূরে ঠেলে নিজেকে নতুন করে খুঁজে পাবেন। রিসোর্টের সামনের মনিপুরী পাড়ায় ঘুরতে চলে যেতে পারবেন কোনও এক বিকেলে। প্রকৃতির আদরে গড়ে ওঠা এই রিসোর্টের রুমগুলোর জানালা দিয়েই সামনের অবারিত চা বাগানের চিত্র ফুটে উঠে। রিসোর্টটির চমৎকার আতিথিয়তা আর আধুনিক সব সুযোগ-সুবিধার জন্যই এই রিসোর্টটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শ্রীমঙ্গলের প্রাকৃতিক পরিবেশে এর সৌন্দর্যে এক অন্যমাত্রা দিয়েছে। রিসোর্টটির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আপনাকে চিন্তা করতে হবে না। এর রয়েছে উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা।


আরও বিনোদন ব্যবস্থা

এখানে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ আর নিজস্ব ওয়াই-ফাই ব্যবস্থা। সেমিনার রুম, পার্টি রুম সহ আরও অনেক সুবিধা পাবেন এখানে। বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রিসোর্টে আছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য আছে খেলাধুলার ব্যবস্থা। আছে নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা। সুইমিংপুল ও ইনডোর গেমস-এর সুবিধাতো আছেই। রিসোর্টে আগত পর্যটকদের শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আনতে সর্বদা এখানে গাড়ি প্রস্তুত আছে। রিসোর্টের গাড়িতে সাত থেকে আট ঘণ্টার একদিনের ট্রিপে পুরো শ্রীমঙ্গল ঘুরে আসতে খরচ পড়বে মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। কেউ যদি শ্রীমঙ্গল দেখা শেষে সিলেটও ঘুরতে চান সে ব্যবস্থাও রয়েছে এখানে। সেক্ষেত্রে গাড়ি ভাড়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করবে কোথায় কোথায় ঘুরতে চাচ্ছেন তার ওপরে। পরিবার নিয়ে থাকার জন্য এখানে আছে বিশেষভাবে তৈরি ফ্যামিলি স্যুট ও ফ্যামিলি ডিলাক্স। ফ্যামিলি ডিলাক্সের-এর সুযোগ সুবিধা ফ্যামিলি স্যুটের মতোই। এখানেও ফ্যামিলি স্যুটের মতো আছে দু'টো বেডরুম, যার একটিতে কাপল বেড এবং অন্যটিতে রয়েছে সিংগেল বেড। তিন জনের থাকার জন্য উপযুক্ত। ফ্যামিলি ডিলাক্স রুমগুলোর প্রতিরাতের ভাড়া ২ হাজার ৫০০ টাকা। এই রিসোর্টে আছে অল্প টাকায় কাপল ডিলাক্স রুমের ব্যবস্থা। ফ্যামিলি স্যুট এবং ফ্যামিলি ডিলাক্সের সাথে এই রুমগুলোর মূল পার্থক্য হচ্ছে বেডরুম সংখ্যায়। কাপল ডিলাক্স রুমগুলোর প্রতি রাতের ভাড়া ২ হাজার ১০০ টাকা। অনলাইনে রুম বুকিং দিতে পারবেন। সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন রকম সিক্রেট ডিল, ইনসাইডার ডিল থাকে। এছাড়াও অনলাইনে পাবেন আপ টু ৮০% লাস্ট মিনিট ডিসকাউন্ট। এই জন্য অনলাইন থেকে বুকিং করাটা লাভজনক।

যোগাযোগ :

ওয়েবসাইট- grandselimresort.com

ফোন : 01709-883333, 01616-164066

ই-মেইল : reservation@grandselimresort.com



যেভাবে যাবেন :

শ্রীমঙ্গল মূল শহর থেকে সিএনজি অথবা রিক্সা নিয়ে রামনগরে গেলেই পেয়ে যাবেন এই রিসোর্ট। রিসোর্টে আগে থেকে বুকিং দিয়ে গেলে বা কর্তৃপক্ষকে জানিয়ে রাখলে শ্রীমঙ্গল রেলস্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আপনাকে রিসোর্টের গাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে দেবে কর্তৃপক্ষ। এজন্য আলাদা কোনও টাকা খরচ করতে হবে না।

 রুবাইদা আক্তার   এস এম