পুষ্টিগুণে পরিপূর্ণ কাঁঠালের বিচির নানান পদ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বাঙালীর প্রচলিত খাবার : কাঁঠাল বিচির হরেক পদ
ছবি : পপজো বাংলা
আমাদের জাতীয় ফল হিসেবেও বেশ পরিচিত কাঁঠাল একটি পুষ্টিসম্পন্ন ফল। কাঁঠালের পাশাপাশি এর বিচিতেও রয়েছে বেশ উপকারি ও পুষ্টিগুণ।
কাঁঠাল বিচির উপকারিতা : কাঁঠালের বিচি কোষ্ঠকাঠিন্য কমাতে বিশেষ ভূমিকা পালন করে। এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের দেহের দৈনিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। আমাদের দেহের পেশি গঠনেও বেশ কার্যকরী ভূমিকা পালন করে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন এ, যা আমাদের দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। কাঁঠালের বিচি থেকে প্রচুর পরিমাণে লৌহ পাওয়া যায়, যা আমাদের রক্তশূন্যতা থেকে রেহাই পেতে সাহায্য করে থাকে। এর আরেকটা উপকারি গুণ হচ্ছে এটি ত্বক উজ্জ্বল ও টানটান রাখে।
কাঁঠাল বিচির পুষ্টিগুণ : কাঁঠালের বিচি হতে থিয়ামিন ও রাইবোফ্লেবিন নামের দুটি উপাদান পাওয়া যায়। এই উপাদানগুলো দেহের শক্তির স্বল্পতা দূর করে। এছাড়া কাঁঠালের বিচি থেকে পাওয়া যায় জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, কপার, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান যা আমাদের শরীরের অতি প্রয়োজনীয় উপাদান হিসেবেও পরিচিত।
কাঁঠালের বিচির চরচরি :
কাঁঠালের বিচির চরচরি। ছবি : বিডিফিস ডট কম
উপকরণ : ২৫০ গ্রাম কাঁঠালের বিচি, ১ চামচ সরিষা বাটা, ১ চামচ পোস্তবাটা, ১ চামচ কাঁচা মরিচ বাটা, স্বাদমত লবন, মেথি ফোড়ন, আধা চামচ হলুদের গুড়া, তেল।
রন্ধনপ্রণালী : প্রথমে কাঁঠালের বিচিগুলো কেটে সিদ্ধ করে নিতে হবে। একটি কড়াইয়ে পরিমান মত তেল গরম করে তাতে মেথি, কালোজিরা ফোড়ন দিয়ে সিদ্ধ করা বিচি গুলো ঢেলে দিতে হবে। একটু ভাজা হয়ে আসলে একে এক কাঁচা মরিচ বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, স্বাদমত লবন, পরিমান মত হলুদ তেলে দিয়ে দিতে হবে। অল্প পরিমানে পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে আসলে নেড়ে নামিয়ে পরিবেশন করুন কাঁঠাল বিচির চরচরি।
কাঁঠাল বিচির সুস্বাদু বড়া :
কাঁঠাল বিচির সুস্বাদু বড়া। ছবি : জাগো নিউজ ২৪
উপকরণ : ২৫০ গ্রাম কাঁঠালের বিচি, ২টা মাঝারি পেয়াজ, ৪টা কাঁচা মরিচ, স্বাদমত লবন, অল্প হলুদ, ৪ টেবিল চামচ চালের গুড়া, পরিমানমত তেল।
রন্ধনপ্রণালী : কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালের সিদ্ধ বিচিগুলো হাত দিয়ে চেপে ভেঙ্গে নিতে হবে। একটি পাত্রে কাঁঠালের বিচি, পিয়াজ কুচি, চালের গুড়ো, স্বাদমত লবন, কাঁচা মরিচ কুচি, হলুদের গুড়ো, অল্প পানি নিয়ে একসাথে মেখে নিতে হবে। তারপর একটি কড়াইয়ে পরিমান মত তেল ঢেলে গরম করে বড়াগুলো ভেজে গরম গরম পরিবেশন করুন কাঁঠাল বিচির সু-স্বাদু বড়া।
কাঁঠালের বিচি চিংড়ি ভর্তা :
কাঁঠালের বিচি-চিংড়ি ভর্তা। ছবি : ২০ ফোরস
উপকরণ : ২৫০ গ্রাম কাঁঠালের বিচি, চিংড়ি মাছ ১ কাপ, শুকনা মরিচ ৭-৮টি, রসুন কোয়া ২টি, ২টা মাঝারি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ অনুসারে, সরিষার তেল ২ টেবিল চামচ।
রন্ধনপ্রণালী : ২৫০ গ্রাম কাঁঠালের বিচি ছিলে ঘষে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছ ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। একটি কড়াইয়ে সরিষার তেলে পেঁয়াজ-রসুন, হলুদ,স্বাদমত লবন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চিংড়ি মাছগুলো ভাল করে সিদ্ধ হয়। এবার কাঁঠালের বিচি খুব ভালো করে সিদ্ধ করতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে শুকনা মরিচ ভেজে নিতে হবে। এবার কাঁঠালের বিচি পাটায় বেটে নিয়ে চিংড়ি মাছ ছেঁচে আধা ভাঙা করে সরিষার তেল-পেঁয়াজসহ সব একসঙ্গে মাখিয়ে পরিবেশন করুন কাঁঠালের বিচি-চিংড়ি ভর্তা।
তথ্যসূত্র : https://bangladeshtimes.com/health/article/11655